এমপি নিক্সনের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার কালা মৃধা ইউনিয়নে দেওয়ান বাজারে গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ তুলে ধরেন চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো এমপির নির্বাচনী এলাকায় থাকার কথা নয়। উপরন্তু এখন সংসদ অধিবেশন চলছে। তারপরও এমপি নিক্সন একের পর এক সরকারি ও ব্যক্তিগত কর্মসূচিতে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এভাবে চলতে থাকলে কীভাবে সুষ্ঠু ভোট হবে? শাহাদাৎ আরও বলেন, ‘বর্তমান সরকারপ্রধান ও নির্বাচন কমিশন চাইছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে। তাহলে কীভাবে সংসদ অধিবেশন চলাকালে এবং তফসিল ঘোষণার পরও 

নিক্সন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন? এমপি ৭ মার্চ ভাঙ্গার তুজাপুর ইউনিয়নে একাধিক সভা করেছেন। এছাড়াও অন্য উপজেলাতেও একইভাবে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।’ নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতা নিয়েই এই এমপি একের পর এক অনুষ্ঠানে ভোট চাইতে পারছেন বলে তার অভিযোগ।

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তার অনুরোধে আমি নির্বাচনী এলাকায় সব ধরনের সরকারি ও ব্যক্তিগত কর্মসূচি থেকে নিজেকে বিরত রেখেছি। একজন আইনপ্রণেতা হয়ে আমি তো কোনোভাবেই আইন ভাঙতে পারি না। তবে আমি আমার বাড়িতে রয়েছি, এটা আচরণবিধির মধ্যে পড়ে না।’ ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা রোকসানা রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা এমপি মহোদয়কে অবহিত ও সতর্ক করেছি। তারপরও তিনি এলাকায় ভোট চাইছেন কিনা তা আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’