ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মেয়র মেজবান উৎসব অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে মেয়র মেজবান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোলা পৌরসভার আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, কাউন্সিলরদের দৌড় প্রতিযোগিতা, নারী কাউন্সিলরদের দৌড় ও বালিশ খেলা ও দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মমিন টুলু মেজবানের উদ্বোধন করেন।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, পৌরবাসী পৌরসভার উন্নয়নসহ নানা কর্মকাণ্ডে সহযোগিতা করে তার জন্য আমরা তাদের কাছে ঋণী। এ কারণেই সকল নাগরিককে একত্রে করে একটি আয়োজন করা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। তাই তাদেরকে একত্রে করতেই আমাদের এ আয়োজন।

আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি পৌরসভার সকল হোল্ডিং নম্বরধারী সকল নাগরিক ও ব্যবসায়ীসহ প্রায় ৩০ হাজার লোকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিকেলে একই মঞ্চে অনুষ্ঠিত হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা। সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সন্ধ্যার পর দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী রোজালিন সাউ, ভারতের জি-বাংলা টেলিভিশনের সারেগামাপা সংগীতানুষ্ঠানের শিল্পী আবন্তী সিথী ও দেবযানী আচার্য, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, বেলাল খান ও অঙ্কন।