যবিপ্রবির ৮ ছাত্রকে হল থেকে বহিষ্কার

মাদক সেবন ও মাদকের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সংশ্লিষ্টতার দায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চার বিভাগের আট ছাত্রকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট বডির সভায় মাদক সেবন ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

হল থেকে বহিষ্কৃত ছাত্ররা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের তানভীর মাহমুদ ফয়সাল ও তানীম আহমেদ, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আক্তারুজ্জামান আপন, ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কে এম শাহেদ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাক্শন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইখতিয়ার ইমাম আনান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের দেবায়ন দাস জয়, অভিক মজুমদার এবং নিলয় চন্দ্র মন্ডল। এর মধ্যে তিনজন শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তাদেরকে এক হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের মধ্যে হলে প্রবেশ ও রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ জানান, রুটিন কাজের অংশ হিসেবে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আমজাদ হোসেনের নেতৃত্বে অন্যান্য সহকারী প্রভোস্ট হল পরিদর্শনে গিয়ে দুটি কক্ষে ছাত্রদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পান।