রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

টেকনাফ, কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গত শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে গতকাল সংস্থাটির ঢাকা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

‘দি ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শিরোনামে প্রকল্পের মাধ্যমে বিশ্বের ক্রমবর্ধমান উদ্বাস্তুদের চাপে থাকা বাংলাদেশকে অর্থ সহায়তা দেওয়া হবে।  টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গার সংখ্যা স্থানীয় বাসিন্দাদের চেয়ে তিনগুণ বেশি। নির্মাণ ও মৌলিক অবকাঠামো পুনর্বাসন, কমিউনিটি উন্নয়ন ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে সহায়ক হবে এই প্রকল্প। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান ড্যান চেন বলেন, নিজ দেশের উন্নয়নে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে উদার মনোভাবের পরিচয় দিয়েছে বাংলাদেশ।  রোহিঙ্গাদের চাপে দেশটির স্থানীয় অবকাঠামো, সেবা ও জনসম্পদে চাপ বাড়ছে। এক্ষেত্রে পরিস্থিতি উন্নয়নে বিশ্বব্যাংকের এ প্রকল্প সহায়ক হবে।

বিশ্বব্যাংকের এই প্রকল্পের প্রধান স্বর্ণা কাজী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের অর্ধেকও বেশি নারী ও মেয়ে। বাংলাদেশে অনুপ্রবেশের আগে তারা লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছে। আর এখন রয়েছে ঝুঁকিতে। এই প্রকল্পের পরিকল্পনা নারীবান্ধব। দুর্যোগকালীন আশ্রয়, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিকল্পনা করা হয়েছে নারী ও শিশুর প্রয়োজন বিবেচনা করে। রাস্তায় আলোর ব্যবস্থা করা হবে নিরাপত্তার জন্য। গত বছরের জুনে শরণার্থী সহায়তায় অর্ধ শতকোটি ডলার অনুদান দেওয়ার  ঘোষণা দিয়েছিল বিশ্বব্যাংক। এরই তৃতীয় ধাপের অনুমোদন দিল সংস্থাটি। এর আগে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষাসেবায় সাড়ে ৭ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।