বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে মন্ত্রণালয় ও বেবিচক কর্মকর্তাদের বৈঠক

ঘোষণা ছাড়া আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলেই গ্রেপ্তার

কোনো যাত্রী ঘোষণা ছাড়া বৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে দেশের যেকোনো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে; তিনি যত বড় সেলিব্রিটি বা ক্ষমতাবানই হোন না কেন, গ্রেপ্তার এড়াতে পারবেন না। অস্ত্র নিয়ে পরপর দুটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা

নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় যাত্রীর কাছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বহনে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নীতিমালা অনুসরণের বিন্দুুমাত্র ত্রুটি পেলে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের বিরুদ্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও।

শাহজালাল বিমানবন্দরের কনফারেন্স কক্ষে এই বৈঠকে উপস্থিত বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ইলিয়াস কাঞ্চনের মতো দায়িত্ববান ও সেলিব্রিটি কীভাবে অস্ত্রের ঘোষণা দিতে ভুলে যান, সেটা নিয়েও বিস্ময় প্রকাশ করা হয়। এ সময় সবাই মত দেন, যিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকার কথা ভুলে যান, তার কাছে তো অস্ত্র থাকাও নিরাপদ নয়। ওই ধরনের আত্মভোলা মানুষের তো ওই অস্ত্র নিয়ে আরও বড় বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। ইলিয়াস কাঞ্চনের পর মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পরিচয়দানকারী খন্দকার মামুন আলীর শরীর তল্লাশি করে যখন অস্ত্র ধরে নিরাপত্তাকর্মীরা- তখন তিনি ‘সরি বলে ক্ষমা চান’। মুচলেকা দিয়ে পার পেয়ে যান। এ ক্ষেত্রে তাদের একটু সম্মান দেখানোটা সমীচীন হয়েছে, নাকি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত ছিল- এমন প্রশ্নও রাখেন এক কর্মকর্তা। তখন উপস্থিত সবাই এক বাক্যে বলেন, ইলিয়াস কাঞ্চনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করলে মামুন আকতার এমন সাহস পেতেন না। কাজেই আর ভদ্রতা ও নমনীয়তা নয়, কঠোর হতে হবে শতভাগ। বেবিচকের ওই কর্মকর্তা আরও বলেন, এখন থেকে কোনো যাত্রী বৈধ আগ্নেয়াস্ত্রের কথা আগাম ঘোষণা না দিয়ে বিমানবন্দরে ঢোকার পর ধরা পড়লে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। এমনকি অস্ত্রের লাইন্সেস বাতিল করা হবে। তিনি যত বড় সেলিব্রিটি বা ক্ষমতাবান হোক- ছাড় দেওয়া হবে না।

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘কাউকে আর মিথ্যাচার করারও সুযোগ দেওয়া হবে না। দেশের স্বার্থে আমাদেরকে আরও কঠোর হতে হচ্ছে। ঘোষণা না দিয়ে বৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’