৭৮ উপজেলায় ভোটগ্রহণ চলছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে রোববার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করায় এ নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেই তেমন আলোচনা ও উত্তাপ।

নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানান, কোথাও কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে কমিশন সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছে। এ ছাড়া নির্বাচন প্রভাবমুক্ত রাখতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদেরও (এসপি) নির্দেশনা দিয়েছে ইসি।

এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৯ জন সংসদ সদস্যকে (এমপি) এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।

তারা হলেন নাটোর-৪ আসনের এমপি আবদুল কুদ্দুস, নেত্রকোনা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলাল, রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনের এমপি জয়া সেনগুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এমপি এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের এমপি আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন এবং লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন।

একই অভিযোগে সমাজকল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত এবং লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসিকে প্রত্যাহার করেছে ইসি।

গত ৩ ফেব্রুয়ারি ইসি ১০ মার্চ ভোটের দিন নির্ধারণ করে ৮৭ উপজেলার তফসিল ঘোষণা করে। পরে আদালত ও কমিশনের নির্দেশে ছয়টি উপজেলার নির্বাচন স্থগিত হয়। আদালতের নির্দেশে ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হলো রাজশাহীর পবা, কুড়িগ্রামের ফুলবাড়ী এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া। আর নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি।

এ ছাড়া জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ এবং নাটোর সদরে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ ভোট হবে ৭৮ উপজেলায়।

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৫ জন চেয়ারম্যান, ছয়জন ভাইস চেয়ারম্যান ও সাতজন নারী ভাইস চেয়ারম্যান। সব মিলিয়ে এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা ২৮ জন।

এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচার। ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে লড়ছেন ৮৪২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন; কেন্দ্র ৫ হাজার ৮৪৭টি এবং ভোটকক্ষ ৩৯ হাজার ১৫৯টি।

আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন নির্বাচনী অপরাধ ঠেকাতে প্রতি উপজেলায় একজন ও অন্যান্য অপরাধ দমনে পাঁচ দিনের জন্য প্রতি ৩ ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোটের তিন দিন আগে থেকে ভোটগ্রহণের পরের দিন পর্যন্ত তাৎক্ষণিক বিচারকাজ পরিচালনায় সব উপজেলায় থাকছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের দুদিন আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিনসহ পাঁচ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫-১৬ জন সদস্য। এ ছাড়া নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, র‌্যাব, কোস্টগার্ড ও মোবাইল স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

ভোট হচ্ছে যেসব এলাকায়

রংপুর বিভাগের ২৩ উপজেলা পঞ্চগড় জেলার সদর, আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া; নীলফামারীর সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ; লালমনিরহাটের সদর, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ এবং কুড়িগ্রামের সদর, ভুরুঙ্গামারী, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, রাজীবপুর, চিলমারী ও রৌমারীতে।

ময়মনসিংহ বিভাগের ১৩ উপজেলা জামালপুর জেলার সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার সদর, বারহাট্টা, দুর্গাপুর, খালিয়াজুরী, মোহনগঞ্জ, কেন্দুয়া, কলমাকান্দা, মদন।

সিলেট বিভাগের ১৭ উপজেলা সুনামগঞ্জ জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর; হবিগঞ্জের সদর, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং।

রাজশাহী বিভাগের ২৫ উপজেলা সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, চৌহালী, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তাড়াশ; জয়পুরহাটের সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল; নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, সিংড়া; রাজশাহীর তানোর, গোদাগাড়ী, মোহনপুর, বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা।