মরিচের গুঁড়ো ছিটিয়ে বিকাশ এজেন্টের ৭০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় বিকাশ এজেন্টের কর্মকর্তার কাছ থেকে ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেনারেল হাসপাতাল ভবনের অষ্টম তলায় মিজাব এন্টারপ্রাইজ নামে একটি বিকাশ এজেন্ট রয়েছে। শনিবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশ এজেন্টের কর্মকর্তা সাইফুল ইসলাম টিপু দিনের আয়ের টাকা নিয়ে তার বাসায় যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সঙ্গে সঙ্গে সিএনজিচালিত ট্যাক্সিতে আগে থেকে ওৎপেতে থাকা দুই ছিনতাইকারী তার চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এরপর তার সঙ্গে থাকা ৭০ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে ট্যাক্সিযোগে পালিয়ে যায়।

এ সময় তার শোরচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে (সিএজি ট্যাক্সি নং- চট্টগ্রাম থ- ১৩-১৪৩৫) ট্যাক্সিসহ চালক সালাউদ্দীনকে (২৫) আটক করে।

খবর পেয়ে পুলিশ সিএনজিসহ চালককে রাত ১১টার দিকে থানায় নিয়ে আসে।

ঘটনার ব্যাপারে মিজাব এন্টারপ্রাইজের ব্যাবস্থাপক মাহবুবুর রহমান বাহার জানান, শনিবার ব্যাংক বন্ধ থাকায় অফিসের কর্মকর্তা সাইফুল ইসলাম টিপু দিনের আয়ের টাকা ব্যাংকে জমা দিতে না পেরে অফিসের পাশে তার বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। উপস্থিত জনতা ছিনতাইকাজে ব্যবহৃত ট্যাক্সি ও চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। রোববার তিনি তার অন্যান্য সহকর্মীদের নিয়ে থানায় এসেছে মামলা করার জন্য।

থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, ঘটনার খবর পেয়ে রাতেই তিনি সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনাস্থলে যান। রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে ছিনতাইকারীদের অবস্থান জানার জন্য চেষ্টা করেছেন।

তিনি বলেন, এত টাকা নিয়ে রাতে বাসায় যাওয়ার সময় পুলিশের সহযোগিতা চাইতে পারতেন। কিন্তু তারা সহযোগিতা না চাওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি ছিনতাইকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান।