উন্নত বিশ্বের জলবায়ু পরিবর্তনের দায় নিতে হচ্ছে : অর্থমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও বাংলাদেশের মতো দেশকে দায় নিতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আমরা (বাংলাদেশ) কার্বন নিঃসরণ কম করছি। এক্ষেত্রে চীন, আমেরিকাসহ উন্নত দেশগুলো বেশি দায়ী। কিন্তু খেসারত দিতে হবে আমাদের মতো দেশগুলোকে। এর বিরুদ্ধে কথা বলতে হবে। কেননা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিশ্বে মাত্র ২৭২ বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে, যা খুবই সামান্য।’

গতকাল পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতি গতিশীল করার লক্ষ্যে ‘বাংলাদেশ ক্লিন এনার্জি সামিট ২০১৯’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ১০ ও ১১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সামিটের আয়োজন করে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। ইআরডি সচিব ও ইডকল চেয়ারম্যান মনোয়ার আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমাদ কায়কাউস, ইডকলের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ মালিক প্রমুখ। মুস্তফা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্ব এরই মধ্যে ২৬ শতাংশ উপকূলীয় জমি হারিয়েছে। বিশ্বব্যাপী আমরা প্রতি বছর দুই হাজার হেক্টর জমি হারাচ্ছি। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ না করা গেলে পৃথিবীকে রক্ষা করা যাবে না। আগের তুলনায় বর্তমানে বিমানে ঝাঁকুনি বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ২০২৫ সালের মধ্যে বিমানের এ ঝাঁকুনি আরও ২৫ শতাংশ বাড়বে। তাই যেকোনো মূল্যে জলবায়ু পরিবর্তনের হার নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও বলেন, ‘এরই মধ্যে বিশ্বে বরফ গলা শুরু হয়েছে। এটা অব্যাহত থাকলে খুব শিগগির বংলাদেশ ও মালদ্বীপের বেশকিছু উপকূলীয় অঞ্চল পানির নিচে চলে যাবে। যা আমাদের জন্য ভয়াবহ ব্যাপার।’