ভোটে সাড়া মেলেনি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় গতকাল রবিবার ৭৮ উপজেলার নির্বাচনে ভোটারদের তেমন সাড়া পাওয়া যায়নি। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। একটি কেন্দ্রের একটি বুথে দুপুর ১টা পর্যন্ত শুধু একটি ভোট পড়ার খবরও পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে ও নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্যে জেলা প্রতিনিধিদের প্রতিবেদনে বিস্তারিত

পঞ্চগড় : পাঁচ উপজেলায় নির্বাচন হলেও কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে। পঞ্চগড় শহরের বিপি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারের সংখ্যা ২ হাজার ৯৮২ জন। কিন্তু ভোট পড়েছে ৪৮০টি, যা মোট ভোটের ১৪ দশমিক ৩১ ভাগ। পঞ্চগড় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে  ভোটারের সংখ্যা ১ হাজার ৯৩২। কিন্তু  বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভোট পড়েছে ১৬০টি। কমবেশি একই চিত্র জেলার পাঁচটি উপজেলার ২৮৬টি কেন্দ্রে।

পঞ্চগড় সদর উপজেলার কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহ আলম মিয়া জানান, এই কেন্দ্রে ৫ হাজার ৬৩২ ভোটের মধ্যে ৪২৩টি ভোট পড়েছে। ভোটের হার ৭ দশমিক ৫১ শতাংশ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সাতটি উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রে গতকাল পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল কম। বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল-আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১৬টি বুথের মধ্যে একটিতে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র একটি। ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৫৮ জন। ভোট শেষে বিকেলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, এ কেন্দ্রে সর্বমোট ৮৪৪ ভোট পড়েছে।

নীলফামারী : নীলফামারীর ছয় উপজেলার ৫০৮টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম। জেলা সদরের পৌর এলাকার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বিকেল পৌনে ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫০টি। সেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৫২০। শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সামসুল ইসলাম জানান, কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৯৫৪ জনের মধ্যে বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫০টি।

ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাসনাত বিন দেলোয়ার জানান, বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫০টি। সেখানে ভোটার সংখ্যা ৩ হাজার ১৭৯টি। ইটাখোলা কালিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২ হাজার ৪৪৯ ভোটের মধ্যে পড়েছে ৪৩৫টি।

নেত্রকোনা : নেত্রকোনার ৮ উপজেলার মধ্যে সদরের সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১৫০টি ভোট পড়েছে। দুপুর ২টা পর্যন্ত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় আড়াই হাজার ভোটের মধ্যে আড়াইশ ভোট পড়েছে বাক্সে। সোয়া ২টা পর্যন্ত দত্ত উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৪০০ ভোটের মধ্যে ৫শ’র মতো ভোট পড়েছে।

জয়পুরহাট : জয়পুরহাটে পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ১৫ শতাংশ ও পাঁচবিবি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে ২০ শতাংশ। কালাই উপজেলায় ৫৫ শতাংশ ভোট পড়েছে। ক্ষেতলাল উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে বেশি ৬৯ শতাংশ ভোট পড়েছে। আক্কেলপুরে ভোট পড়েছে ৫০ শতাংশ। জেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, জয়পুরহাট ও পাঁচবিবিতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও ভোট সুষ্ঠু হয়েছে।

কুড়িগ্রাম : আটটি উপজেলার মধ্যে উলিপুর উপজেলার ম-লেরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান বুলবুল জানান, ভোটার উপস্থিতি একেবারেই কম। ৩ হাজার ১৬৭ ভোটের মধ্যে দুপুর পৌনে ২টা পর্যন্ত পড়েছে ১২৬টি। ধরণীবাড়ি ইউনিয়নের লতিফ রাজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সকালে চারটি বুথে ৪০০ ব্যালট বই দিয়েছেন। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১০৩টি।

সকাল ১০টা পর্যন্ত কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে মাত্র ১৩টি। পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা পর্যন্ত কোনো ভোটার আসেননি বলে জানান প্রিসাইডিং অফিসার খোরশেদ মিয়া। জেলা রিটার্নিং অফিসার হাফিজুর রহমান জানান, ভোটার উপস্থিতি কম থাকলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে।

জামালপুর : জামালপুরের ৫টি উপজেলায় ভোটগ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। সকাল সাড়ে ১০টায় বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয় পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ৮-১০ জন ভোটারের লাইন। দুপুর সাড়ে ১২টায় সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের ৮-১০ জনের লাইন। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছানোয়ার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৭ শতাংশ ভোট পড়েছে। ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ উপজেলায় সব মিলিয়ে ৪০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে বিভিন্ন কেন্দ্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়।