হিমাগারের যেখানে মাছ ও মাংস রাখা হয়েছে; তার পাশেই রিপ্যাক করা হয় বিষাক্ত কীটনাশক, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিই নয় প্রাণহানির কারণও হতে পারে। এমন অবিশ্বাস্য ঘটনা পাওয়া গেছে রাজধানীর মাতুয়াইল এলাকায় এসবি হিমাগারে। বিষয়টি প্রমাণিত হওয়ায় হিমাগার কর্র্তৃপক্ষকে ৫০ লাখ টাকা জরিমানা ও ম্যানেজার সেকান্দার আলীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের মোবাইল কোট রবিবার সন্ধ্যায় এ মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘এসবি হিমাগারের ম্যানেজার বিদেশ থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক আমদানি করে নিয়ে আসেন। সেটি হিমাগারের ভেতরে থাকা গোপন কক্ষে রিপ্যাক করে নতুন উৎপাদন তারিখ দিয়ে বাজারে ছাড়তেন। তার পাশের কক্ষেই রাখা ছিল মাছ ও মহিষের মাংস।’ একই মোবাইল কোর্ট পচা মাছ সংরক্ষণ করায় আশেক আলী কোল্ড স্টোরকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।