কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
রোববার সন্ধ্যার পর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর এলাকা হতে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বিপুল পরিমাণ ইয়াবা নাফ নদী পার হয়ে দমদমিয়া ওমরখাল এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি সদস্যরা রোববার রাত সাড়ে ৮টার দিকে তার নিজের নেতৃত্বে দ্রুত ওমরখাল এলাকায় গমন করে।
এ সময় টহলদল মিয়ানমার হতে একটি নৌকা নাফ নদী পার হয়ে ওমরখালের কাছে আসতে দেখে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় আরোহিত পাচারকারীরা খালের পাশে লাফ দিয়ে নেমে দৌড়ে বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।
পরে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
ইয়াবাগুলো টেকনাফ ২ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবি।