সাতক্ষীরায় ট্রাকচাপায় শিশু শিক্ষার্থী নিহত

স্কুলে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটায় দ্রুতগামী মিনি ট্রাকের চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান।

নিহত শিশু জ্যোতি (৬) সখিপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে সখিপুর গ্রামেরই হুমায়ুন কবিরের মেয়ে।

ওসি বিপ্লব বলেন, সকালে জ্যোতি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় সাতক্ষীরা থেকে কালিগঞ্জ অভিমুখী দ্রুতগামী একটি মিনি ট্রাক শিশু জ্যোতিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

তিনি বলেন, ক্ষুব্ধ জনগণ এ দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের সামনে অবরোধ করে। পুলিশ এ ঘটনায় ট্রাক চালক বাবু ও ঘাতক ট্রাকটিকে আটক করে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।