বড় পর্দায় ঐশীর অভিষেক

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ আসরে জয় ও চীনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশকে চমৎকারভাবে তুলে ধরার পর জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে সবার আগ্রহ বেশ বেড়েছে। এর মধ্যে তিনি মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র, বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার ও ফটোশুটে দেখেছেন ভক্তরা। তবে সবাই তাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করছিল। এবার সেই সুখবরটিও দেওয়ার সময় এসেছে ঐশীর। কারণ আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’-এর অন্যতম একটি চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই সুন্দরী। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হচ্ছে তার। এই সিনেমায় জনপ্রিয় নায়ক আরেফিন শুভর বিপরীতে দেখা যাবে ঐশীকে। আরও রয়েছেন তাসকিন রহমান।

দেশ রূপান্তরকে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘ভালো একটি সিনেমা দিয়ে আমি চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম। ‘মিশন এক্সট্রিম’-এর মধ্য দিয়ে আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কপ ক্রিয়েশন, সানী সানোয়ার ও ফয়সাল আহমেদকে অনেক ধন্যবাদ আমাকে সিনেমাটিতে সুযোগ দেওয়ার জন্য।’

ঐশী আরও বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই ভালো লেগেছে। তবে এখন সব বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি, এখানে আমি সমাজে একজন প্রতিষ্ঠিত মেয়ে। এ ছাড়া এই সিনেমায় এত বড় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আর টিমের কথা কী বলব, তারা এর আগে ঢাকা অ্যাটাকের মতো সুপারহিট সিনেমা দিয়েছেন। সব মিলিয়ে আমি খুবই আশাবাদী।’

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলার যা সম্পূর্ণরূপে দেশীয় পটভূমির ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা পর্দায় দ্বিতীয় বারের মতো একটি দেশীয়, মৌলিক এবং রোমাঞ্চকর থ্রিলার গল্প উপভোগ করবেন। এর আগে ২০১৭ সালে একই ধাঁচের প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ ব্যাপকভাবে দর্শকনন্দিত হয়। দুটি সিনেমারই কাহিনী লিখেছেন সানী সানোয়ার। তিনি দীর্ঘদিন যাবৎ পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত রয়েছেন। স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে পেশাগত জীবনেও তার বেশ সুনাম রয়েছে। ঐশীকে এই সিনেমায় কাস্ট করার বিষয়ে সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পের একটি অংশের সঙ্গে অপর একটি অংশের গল্পকে সমান্তরালভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য ঐশীর মতো একজন নতুন অভিনেত্রী প্রয়োজন ছিল। সেই বিচারে তাকে কাস্ট করা হয়েছে। আমার বিশ্বাস সে তার সর্বোচ্চ মেধা ও মননের মাধ্যমে দর্শক হৃদয় জয় করে নেবে।’

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ফয়সাল আহমেদ ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে সিনেমাটি নির্মাণে অসামান্য অবদান রেখেছেন। ফয়সাল আহমেদ বলেন, ‘আমার বিশ্বাস ঐশীর আগমনের মাধ্যমে ঢালিউড একজন কর্মঠ এবং পেশাদার নায়িকা পেতে যাচ্ছে।’

তারকাবহুল সিনেমাটির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচিত তারকাদের নাম অচিরেই প্রকাশ করা হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সিনেমাটির শ্যুটিং শুরু হতে যাচ্ছে। চলবে আগামী মাস পর্যন্ত।