সোলারিকে বহিষ্কার করে জিদানকে দায়িত্ব দিল রিয়াল

আবারো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে ফিরলেন জিনেদিন জিদান। সান্তিয়াগো সোলারিকে সরিয়ে দিয়ে জিদানকে দেওয়া হয়েছে দায়িত্ব। সোমবার ক্লাবের বোর্ড পরিচালকদের বৈঠকে জিদানকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কোচ হিসেবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় জিদানকে ফের কোচ করতে যাচ্ছে রিয়াল। অবশেষে সত্যি হলো সেটিই। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দেন, ‘‘বিশ্বের সেরা ম্যানেজার আবারো ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। আবার আমাদের ভাগ্য ফিরবে।’’

গেল বছর রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা উপহার দিয়ে হুট করেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিদান। যার দশ মাস পরই ফের ক্লাবটির দায়িত্ব নিলেন ফরাসি কিংবদন্তি। ২০১৬ সালে ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা।

জিদান দায়িত্ব ছাড়ার পর হুলেন লোপেতেগিকে কোচের দায়িত্ব দেওয়া হয়। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগ মূহুর্তে স্পেনের কোচ থাকা অবস্থাতেই রিয়ালের দায়িত্ব নেন লোপেতেগি। যে কারণে স্পেন তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয়। সেই লোপেতেগির অধিনে রিয়াল মৌসুমে  বাজে শুরু করে। ফলে লোপেগেতিকে বহিষ্কার করে রিয়াল।

এরপর সোলারিকে দেওয়া হয় দায়িত্ব। কিন্তু এই আর্জেন্টাইনকে ছাঁটাইয়ের মাধ্যমে এক বছরের মধ্যে দুইবার কোচ ছাঁটাই করল রিয়াল। কোপা দেল রের সেমিফাইনাল থেকেই রিয়ালের বিদায়, চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোতেই পথ চলা থেমে যাওয়া ও লা লিগার শিরোপার দ্বৈরথ থেকে ছিটকে যাওয়ার পরই রিয়াল কোচ সোলারির চাকরি সুতোয় ঝুলছিল।

এবার জিদানে কি ভাগ্য ফিরবে ক্লাবটির?