সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়ে এক ঘণ্টা পর জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এর আগে উড্ডয়নের সময় ইউএস-বাংলার একটি উড়োজাহাজকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, গত রবিবার রাত পৌনে ২টার দিকে সৌদি আরবের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৭৭৭)। ঘণ্টাখানেক আকাশে ওড়ার পর হঠাৎ উড়োজাহাজে ত্রুটি দেখা দেয়। ভারতের আকাশ থেকেই পাইলট ঢাকার সঙ্গে যোগাযোগ করেন। নির্দেশ আসার পর শাহজালালে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।
শাহজালাল থেকে উড্ডয়নের আগে বিমান বাংলাদেশের উড়োজাহাজটি পার্কিং বেতে দাঁড়িয়ে থাকা ইউএস বাংলার ড্যাস-৮ এজিএক্স উড়োজাহাজকে ধাক্কা মেরে যায়। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ দেশ রূপান্তরকে বলেন, ‘জেদ্দাগামী উড়োজাহাজটি উড্ডয়নের আগে পেছনে ঘুরতে গিয়ে ইউএস-বাংলার উড়োজাহাজকে ধাক্কা দেয়। উড্ডয়নের পর বিমানের পাইলটের মনে সন্দেহ জাগে। ইউএস-বাংলার উড়োজাহাজের পাশাপাশি বাংলাদেশ বিমানের কোনো ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করতে পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে। এ কারণেই তাকে জরুরি অবতরণ করতে হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় জেদ্দার উদ্দেশে উড়াল দেয় ফ্লাইটটি। এ ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-জনসংযোগ) কামরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘উড়োজাহাজের উইংয়ের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা বোঝা যাবে। এটি মেরামত করা হচ্ছে। একটু সচেতন হলেই এ ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল। বিশেষ করে গ্রাউন্ড স্টাফদের দুর্বলতার কারণে মাঝেমধ্যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’