অনুমতি নিয়েই ফৌজি টুপি পরে খেলেছিল ভারত: আইসিসি

রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সেনবাহিনীর টুপি পরে খেলতে নামায় ভারতের শাস্তি দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে চিঠিও দিয়েছিল তারা। কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি নিয়েই এই টুপি পরে খেলেছিল ভারত।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মিরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির আধাসামরিক বাহিনীর ৪০ জন সৈন্য নিহত হয়। এ জন্য পাকিস্তানকে দায়ি করে ভারত। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে না খেলার দাবিও ওঠে দেশটিতে।

নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে ৮ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সেনাবাহিনীর টুপি পরে খেলতে নামে ভারত। সেই ম্যাচে সবার ম্যাচ ফি তুলে দেওয়া হয় নিহত জওয়ানদের পরিবারের হাতে।

টিম ইন্ডিয়ার ফৌজি টুপি পরে খেলাটা ভালোভাবে নেয়নি পিসিবি। বিরাট কোহলিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির প্রতি আহ্বান জানায় তারা।

এ ব্যাপারে এক বিবৃতিতে আইসিসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফার্লং বলেন, “বিসিসিআই এই টুপি পরে খেলার জন্য আইসিসির কাছ থেকে অনুমতি নিয়েছিল। তারা তাদের সেনাদের স্মরণে এই পদক্ষেপ নিতে চেয়েছিল। যা আইসিসি স্বীকৃতি দিয়েছে।”

টিম ইন্ডিয়ার এমন আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আইসিসির প্রতি বার বার দাবি জানাচ্ছিল পিসিবি। রোববার পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলেছিলেন, “ওরা (ভারত) আইসিসির কাছে অনুমতি চেয়েছিল অন্য কোনও বিষয়ের জন্য। কিন্তু করেছে অন্য কিছু। যা মেনে নেওয়া যায় না।”