ঝিনাইদহে মাদ্রাসাছাত্র মিরাজ হোসেন হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় বেকসুর খালাস দেওয়া হয় অপর ২ আসামিকে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এম জি আযম এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডিতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের মৃত কাছেম আলী শেখের ছেলে আতাহার আলী শেখ ওরফে আতিক হুজুর ও ঝিনাইদহের কোটচাদপুর থানার ভোমরাডাঙা গ্রামের আনারুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৪ মার্চ কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোহর আলীর ছেলে মাদ্রাসাছাত্র মিরাজ হোসেন গ্রামের একটি মাদ্রাসায় ওয়াজ মাফফিল শুনতে যায়। পরদিন সকালে গ্রামের মাঠে ভুট্টাক্ষেতে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের চাচা জিন্দার আলী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামি আতাহার আলী ওরফে আতিক হুজুর ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া মামলার অন্য দুই আসামি নাসির সরকার ও ইউসুফ আলীকে খালাস দেওয়া হয়।