পার্বতীপুরে রেললাইনে বৃদ্ধের গলাকাটা লাশ

পার্বতীপুর-সৈয়দপুর রেল লাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে উদ্ধার করা লাশের পরনে চেক লুঙ্গি, গায়ে কালো জ্যাকেট, চাঁদর ও পায়ে পুরনো স্যান্ডেল ছিল। খোঁচা খোঁচা দাঁড়ি ও পাকা চুল ছিল তার।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাতপরিচয়ের লোকটি রাতের কোনো এক সময়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছালে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।