স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় নগরকান্দায় সংসদ উপনেতার এপিএস লাঞ্ছিত

ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী কাজী শাহ জামান বাবুলের পক্ষে ভোট চাইতে গিয়ে জনতার রোষানলে পড়ে নাজেহাল হয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) শফিউদ্দিন চৌধুরী।

মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে এপিএস শফিউদ্দিন রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারে আসেন। তিনি প্রথমে ওই বাজারে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী শাহ জামান বাবুলের (আনারস প্রতীক) কয়েকজন সমর্থককে নিয়ে সভা করেন।

বিষয়টি জানাজানি হয়ে গেলে ৫০/৬০জন বিক্ষুব্ধ জনতা এপিএস শফিউদ্দিনকে ধাওয়া দেয়। এ সময় কয়েকজন তাকে কিলঘুষি মারে। পরে ধাওয়া খেয়ে এপিএস কুঞ্জনগর বাজার জামে মসজিদের মাঠে আশ্রয় নেয়। ওই সময় আসরের নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছিলেন। তারা শফি উদ্দিনকে জনতার রোষানল থেকে ঠেকিয়ে তার গাড়ির কাছে পৌঁছে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় বিক্ষুব্ধ জনতা শফি উদ্দিনের ওপর বারবার চড়াও হওয়ার চেষ্টা করেন। কিল ঘুষি মারার চেষ্টা করেন। একপর্যায়ে জনতা শফি উদ্দিনের গাড়ির পাশের দিকের একটি কাচ ভেঙে ফেলে। পরে দ্রুত শফি উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে শফিউদ্দিন জানান, তিনি মঙ্গলবার বিকেল কুঞ্জনগর বাজারে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সাত/আটজন লোকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কিছু লোক হট্টগোল সৃষ্টি করলে তিনি ওই জায়গা থেকে চলে আসেন। লাঞ্ছিত হওয়ার বিষয়টি এড়িয়ে তিনি বলেন, ওরা খারাপ আচরণ করার চেষ্টা করেছিল।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ফোন না ধরায় এ ব্যাপারে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিরাজ হোসেন বলেন, কুঞ্জনগর বাজারে একটি সমস্যার কথা শুনে ওসি সাহেব ওখানে গিয়েছেন।

উল্লেখ্য, নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আ.লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার। কিন্তু সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু স্বতন্ত্র প্রার্থী কাজী শাহ জামানকে সমর্থন দেওয়ায় সেখানে আওয়ামী নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চলমান পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ মার্চ নগরকান্দাসহ ফরিদপুরের আটটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করার কথা।