না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা কৌতিনিয়ো

চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কৌতিনিয়ো। ১৯৬০ সালে ব্রাজিল দলে পেলের সঙ্গে তার গড়ে উঠেছিল আক্রমণাত্মক জুটি। ১৯৬২ সালে দেশের হয়ে জেতেন বিশ্বকাপ। সোমবার ৭৫ বছর বয়েসে মারা যান এই কিংবদন্তি ফুটবলার।

ব্রাজিলের ক্লাব সান্তোস টুইট বার্তায় কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবর জানায়। মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি। তবে কিছুদিন ধরেই ডায়বেটিস সহ নানা রোগে ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একবার ভর্তি হয়েছিলেন হাসপাতালেও।

শুধু ব্রাজিল দলে নয় পেলে-কৌতিনিয়ো জুটি গড়ে উঠেছিল সান্তোসেও। ক্লাবটিতে ১৯৫৮ থেকে ১৯৬৭ পর্যন্ত একসঙ্গে খেলেছিলেন এই দুজন। সতীর্থকে নিজের প্রিয় অ্যাটাকিং পার্টনার হিসেবে অবহিত করেছিলেন পেলে।

কৌতিনহো সান্তোসের হয়ে ৩৬৮টি গোল করেন। ব্রাজিলের হয়ে ১৫ ম্যাচে করেছিলেন ৬ গোল। ইনজুরির কারণে জাতীয় দলের ক্যারিয়ারকে লম্বা করতে পারেননি তিনি।