বেলজিয়ামকে বিনিয়োগের আহ্বান ডিসিসিআইর

বেলজিয়ামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর। ভারতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাসোয়া ডেলহাইয়ের সঙ্গে গতকাল মঙ্গলবার সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

ঢাকা চেম্বার কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকার অনুষ্ঠানে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহসভাপতি ইমরান আহমেদ, বেলজিয়াম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর গিলেম শকে এবং ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক কমিশনার হিউবার্ট গোফিনে উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বার সভাপতি ওসামা তাসীর বেলজিয়ামের রাষ্ট্রদূতকে বলেন, ২০১৭-১৮ অর্থবছর বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে প্রায় ৮২১ দশমিক ০৪৩ মিলিয়ন মার্কিন ডলার দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। দুই দেশের মধ্যকার বাণিজ্য আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে বেলজিয়ামের দূতাবাস খোলার আহ্বান জানান তিনি। ঢাকা চেম্বার সভাপতি বেলজিয়ামের উদ্যোক্তাদের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও পাদুকা, তথ্য-প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ এবং বিশেষ করে সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় উন্নয়ন প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাসোয়া ডেলহাই বলেন, বাংলাদেশ বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। সে দেশের উদ্যোক্তারা বিদ্যুৎ ও জ্বালানি, বন্দর স্থাপন ও ব্যবস্থাপনা, ড্রেজিং, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। তিনি জানান, বিনিয়োগ সম্প্রসারণের জন্য এ বছরের শেষ নাগাদ বেলজিয়ামের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। রাষ্ট্রদূত বেলজিয়ামসহ ইউরোপের অন্য দেশে বাংলাদেশি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে ঢাকা চেম্বার থেকে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেন। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য গবেষণা ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলজিয়ামের উদ্যোক্তারা বাংলাদেশে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা পরিচালনা, প্রযুক্তির সম্প্রসারণে সহায়তা দিতে পারেন। এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগ করলে স্থানীয়দের দক্ষতা বাড়ার পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ হবে।