পুলিশ-শ্রমিক সংঘর্ষ, সিলেটে সড়ক অবরোধ

গাড়ি রিকুইজিশন নিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পরিবহন শ্রমিকরা প্রায় দেড় ঘণ্টা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে, দুর্ভোগের শিকার হন যাত্রীরা। সংঘর্ষে এক সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, গতকাল বেলা ২টার দিকে গোলাপগঞ্জের হিলালপুরে পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ি রিকুইজিশন শুরু করে। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে প্রথমে পুলিশের কথাকাটাকাটি, পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিবহন শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে বিপুল সংখ্যক শ্রমিক সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে সেøাগান দিতে থাকেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে শ্রমিকদের শান্ত করেন।