ফুটবলের অ্যাডভান্টেজ রুল

ফুটবলে কতগুলো নিয়ম আছে? না, হিসাব দেওয়ার দরকার নেই। লোকে কি আর এসব হিসাব দেওয়া-নেওয়ার জন্য খেলা দেখে। ফুটবল দেখে মানুষ স্রেফ আনন্দ পাওয়ার জন্য। তবে সেই আনন্দ পেতে পেতেও যদি ফুটবলের দুই-একটা নিয়ম বুঝে নেওয়া যায় তো বেশ হয়। এবারের ব্যাকরণে আমরা তাই ফুটবলের অ্যাডভান্টেজ রুল নিয়ে আলোচনা করতে চাই। কী এই অ্যাডভান্টেজ রুল? যারা নিয়মিত ফুটবল দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন ফাউল হওয়ার পরও রেফারি দুই হাত প্রসারিত করে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। এটাই আসলে ফুটবলের ‘অ্যাডভান্টেজ রুল’। ম্যাচে একজন খেলোয়াড়কে যখন ফাউল করা হয় তখন যদি বল তার কিংবা দলীয় সতীর্থের দখলে থাকে তাহলে অ্যাডভান্টেজ রুল প্রয়োগ করে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু প্রতিপক্ষের করা সেই ফাউলটি যদি হলুদ কার্ড দেখানোর মতো হয় তাহলে কী হবে? এ ক্ষেত্রে বল মাঠের বাইরে যাওয়ার পর রেফারি সংশ্লিষ্টকে হলুদ কার্ড দেখাতে পারেন। তবে ফাউলটি লাল কার্ড দেখানোর মতো বিপজ্জনক হলে অ্যাডভান্টেজ রুলস প্রয়োগ করা নিষেধ।