রাজশাহীতে আইজিপি

পুলিশেরও মাদকাসক্তি পরীক্ষা করা হবে

পুলিশ সদস্যদের মধ্যে কাউকে মাদকাসক্ত বলে সন্দেহ হলে তার ডোপ টেস্ট করতে সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল মঙ্গলবার রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পুলিশ প্রধান বলেন, ‘আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে। পুলিশের সব ইউনিটকে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে, কোনো সময় কোনো পুলিশ সদস্যের আচরণে বা তথ্যের ভিত্তিতে যাকে মাদকাসক্ত বলে সন্দেহভাজন মনে হবে তার ডোপ টেস্ট করানো হবে।’

গতকাল সকালে পুলিশ লাইনসে নারী   ব্যারাক ভবন ও মহানগর পুলিশের সদর দপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মহানগর ও জেলা পুলিশের আলাদা দুটি নতুন ব্যারাক ভবন উদ্বোধন করেন আইজিপি। এছাড়া পুলিশ লাইনসে পুলিশের নারী কল্যাণ সমিতির কার্যালয় ভবন ও শো-রুমের উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি ও আইজিপি পতœী হাবিবা জাবেদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, মহানগর পুলিশ কমিশনার এস এম হাফিজ আক্তার ও জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

মানুষ পাশে থাকলে মাদক-জঙ্গিবাদ নির্মূল হবে

এদিকে বগুড়ায় এক অনুষ্ঠানে এদিন জাবেদ পাটোয়ারী বলেন, ‘দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে শুধুমাত্র পুলিশের অভিযানই যথেষ্ট নয়, এ জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ পাশে থাকলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবেই।’

বগুড়া জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশিদ হোসেন ও র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।