রাজধানীর দোলাইরপাড়ে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গ্রীনলাইন কর্র্তৃপক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। পাশাপাশি রাসেলের কৃত্রিম পা লাগানোসহ অন্য পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন হলে যাবতীয় খরচ ওই
পরিবহনকে বহন করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ৩১ মার্চ গ্রীনলাইন পরিবহনকে আদালতে প্রতিবেদন দিতে হবে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। গ্রীনলাইনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. অজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
গত বছরের ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দোলাইরপাড় এলাকায় একটি প্রাইভেটকারে ধাক্কা দেওয়ার জেরে এর চালক গাইবান্ধার পলাশবাড়ীর স্থায়ী বাসিন্দা রাসেল সরকারের (২৩) সঙ্গে কথাকাটাকাটি হয় গ্রীনলাইন পরিবহনের বাসচালকের। একপর্যায়ে রাসেলের ওপর দিয়েই বাস চালিয়ে দেন চালক কবির মিয়া। হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাম পা কেটে ফেলতে হয়। ডান পায়েও গুরুতর জখম হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি নিয়ে পা হারানো রাসেলকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে রুল জারি করে। রাসেল গত ৬ মার্চ রিটের শুনানিতে আদালতে এসে জানান, পা হারানোর পর এখন পর্যন্ত গ্রীনলাইন পরিবহন কর্র্তৃপক্ষ কোনো খোঁজ নেয়নি, চিকিৎসা বা খরচ দেয়নি।