সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের তালা প্রতীকে সিলমারা ১০৯টি ব্যালট পেপার রাস্তায় পেয়েছেন তার সমর্থকরা। মঙ্গলবার রাতে বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া তেলপাম্প এলাকার রাস্তার পাশ থেকে তারা এ ব্যালট পেপারগুলো উদ্ধার করে বলে অভিযোগ করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রাতেই তিনি ভোটকারচুপির অভিযোগ এনে তার রাজাপুর গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান প্রার্থী (তালা প্রতীক) আতাউর রহমান অভিযোগ করেন, তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। তার প্রতীকে ভোট দেওয়া ব্যালট পেপার চুরি করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।
পরে তিনি এ ঘটনায় বেলকুচি থানায় একটি জিডি করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম।
উল্লেখ্য, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আতাউর রহমান তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।