মানসিক ভারসাম্যহীন এক ভাসমান নারী ফেনীর দাগনভূঞায় উপজেলার ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। উপজেলার গণিপুর থেকে মা ও সদ্যোজাত ছেলেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ তত্ত্বাবধানে তাদের রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার নারী ও শিশু সহায়তায় জাতীয় হেল্প সেন্টার এর ১০৯ নম্বরে কল করে মানসিক ভারসাম্যহীন ভাসমান নারীটির সন্তান জন্মদানের খবরটি জানানো হয়। পরে গণিপুর গ্রামের একটি বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় ওই নারী ও নবজাতক সন্তানকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা আরও জানায়, বিগত দুই তিন মাস মানসিক ভারসাম্যহীন নারীটিকে দাগনভূঞা বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তারা ওই নারীর কোন পরিচয় জানাতে পারেন নি।
খবর পেয়ে সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু তাহের মা ও নবজাতককে দেখতে যান। তারা কর্তব্যরত চিকিৎসকদের মা-ছেলের সর্বাত্মক চিকিৎসা সেবা দিতে নির্দেশ দেন। সদর হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন মা ও ছেলের দেখাশোনার দায়িত্বে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’-এর সমন্বয়ক মনজিলা আক্তার মিমি বলেন, নবজাতক ও মাকে উদ্ধারের পর থেকে আমরা তাদের সেবা শুশ্রূষা করে আসছি। হাসপাতালের সমাজসেবা থেকে শিশুর দুধ ও ওষুধ সরবরাহ করছে। বাকিটা ‘সহায়’ ব্যবস্থা করছে।
এ বিষয়ে সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর বলেন, নবজাতক ও মানসিক ভারসাম্যহীন নারী অবস্থার উন্নতি হচ্ছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।