পুকুর থেকে পুলিশের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার কর্মরত এক পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম (৫০)। তিনি কনস্টেবল পদমর্যাদায় কর্মরত ছিলেন। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শালবাড়ী এলাকায় বালারহাট-মিয়াপাড়া রাস্তার পাশের পুকুরপার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । তার বিপি নম্বর-৬৫৮৪০৭২১৮৯।

তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার, আক্কেলপুর গ্রামের মৃত কাজী জলিলুর রহমানের পুত্র। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বালারহাট বাজার থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থানায় ফিরছিলেন ওই পুলিশ সদস্য। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পুকুরের পানিতে পড়ে যান। মোটরসাইকেলটি তার শরীরের উপরে পড়ায়, পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা পুকুরের পাশে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করে জেলা সদরে পাঠিয়ে দেয় ।

তবে এলাকার একাধিক সূত্র জানায়, নিহত কনস্টেবল মদ্যপায়ী ছিলেন। ওই দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

অভিযোগটি অস্বীকার করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, ডিউটি শেষে ব্যক্তিগত কাজে বালার হাট থেকে ফেরার পথে মোটরসাইকেল চালানো অবস্থায় সম্ভবত স্ট্রোক করেন। এ অবস্থায় পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানায় জানাজা শেষে আমিনুলের মরদেহ কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়। সেখান থেকে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।