সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

সব বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে একটি হল ছাড়া সুষ্ঠু ভোট হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ থেকে উৎসাহিত হয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আজ দেশের ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয় হাজার ৭১৬টি দাখিল মাদ্রাসায় এ নির্বাচন হবে। এদিকে দুপুরে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল

ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘ডাকসু নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে একটি হল ছাড়া বাকি সব হলেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।’

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। তবে আমরা কারও ওপর কিছু চাপিয়ে দিতে চাই না।’

তিনি আরও বলেন, ‘শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে ১৪ মার্চ থেকে সারা দেশে ২২ হাজার ৯৬১টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় (ষষ্ঠ-দশম শ্রেণি) স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।’

লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘১৪ মার্চ সকাল ৯টা-দুপুর ২টা পর্যন্ত ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ হাজার ৭১৬ দাখিল মাদ্রাসায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ২৯ হাজার ৯৬০টি পদের জন্য ২ লাখ ৩১ হাজার ১২৬ এবং মাদ্রাসা পর্যায়ে ৫৩ হাজার ৭২৮টি পদের জন্য ৯৩ হাজার ৭১০ শিক্ষার্থী এ নির্বাচনে অংশ নেবে।’ এবার কেবল মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ-দশম শ্রেণি) শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্টুডেন্ট কেবিনেট নির্বাচন’ হবে। সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসেন, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন : গতকাল বুধবার দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোর শিক্ষার মান ফিরিয়ে না আনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবর্তনে বিভিন্ন অনুষদের ৫ হাজারের অধিক গ্র্যাজুয়েটকে ডিগ্রি ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৭ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গোখোনভানিত। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।