আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার নথি বিচারিক আদালতের কাছে তলব করেছে হাইকোর্ট। মামলাটি স্থগিত চেয়ে শহিদুল আলমের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ৪ মার্চ মামলাটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন শহিদুল আলম। আবেদনে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তদন্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বছরের আগস্টে বেশ কয়েকবার ফেইসবুক লাইভে এসেছিলেন শহিদুল। ওই
আন্দোলন নিয়ে আলজাজিরা চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনাও করেন। এরপর ৫ আগস্ট শহিদুল আলমকে তার বাসা থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বিচারিক আদালত ও হাইকোর্টে কয়েক দফায় জামিন আবেদন নামঞ্জুরের পর ১৫ নভেম্বর শহিদুল আলমকে জামিন দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। পরে ২০ নভেম্বর মুক্তি পান তিনি।