অন্যদের সঙ্গে স্কুল থেকে বনভোজনে গিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্র হাসান আলী (৯)। নেত্রকোনার বিরিশিরি পৌঁছার আগে সহপাঠীদের সঙ্গে বাস থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় নিহত হয় সে। গতকাল বুধবার লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে আরও তিনজন সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর
নেত্রকোনা : পূর্বধলা উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে বনভোজন করতে আসা প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি
সড়কের জালশুকা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চড়কালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে। সে স্থানীয় উপজেলার ভাটিপাড়া বালার চড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পূর্বধলা থানার ওসি তৌহিদুর রহমান জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ৪০-৫০ শিশু-কিশোর নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে বনভোজনের উদ্দেশ্যে একটি বাস যাচ্ছিল। পথে বাস থেকে নেমে কয়েক শিশু প্রস্রাব করতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি হাসানকে চাপা দেয়। স্থানীয়রা ট্রাকসহ চালক নাজমুল ইসলাম (২৪) ও হেলপার সাইদুল ইসলামকে (১৬) আটকে পুলিশে সোপর্দ করে।
নারায়ণগঞ্জ : সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি রংপুর জেলায়। কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহবুব জানান, বুধবার বিকেলে শাখা রোড থেকে রিকশা নিয়ে মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী চাঁদপুরের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলার রাজাপুরের সমেশপুর ত্রিমোহনী এলাকায় সিরাজগঞ্জগামী এএস পরিবহনের একটি বাসের চাপায় আবদুল কুদ্দুস ভূঁইয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা এক যাত্রী। বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার রাজাপুর গ্রামের মৃত রিয়াজউদ্দিন ভূঁইয়ার ছেলে।
লক্ষ্মীপুর : ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলীতে সকালে পিকআপ ভ্যানচাপায় আবুল কাশেম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি মান্দারী ইউনিয়নের রতনেরখিল এলাকার বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি শাহজাহান খান জানান, এ ঘটনায় আহত হয়েছেন মো. সুমন, সুরুজ মিয়া ও আবদুর রহিম।
ঝিনাইদহ : কালীগঞ্জে রাস্তার পাশে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সকালে কোটচাঁদপুর কালিগঞ্জ সড়কের তালেস্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ ওসি মো. ইউনুছ আলী জানান, শাপলা পরিবহনের বাসটি চুয়াডাঙা থেকে যশোর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।