এসি ল্যান্ডদের জন্য ৫০ লাখ টাকার গাড়ি

সারা দেশের সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডদের জন্য ৫০ লাখ টাকা দামের গাড়ি দেওয়া হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তাদের জন্য ২০৬টি গাড়ি কেনার

প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র

সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ ১০৩ কোটি টাকা ব্যয়ে ২০৬টি ডাবল কেবিন পিকআপ কিনবে। সঠিকভাবে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনার জন্যই এসব গাড়ি দেওয়া হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের অধীনে দেশে এসি ল্যান্ড পদ রয়েছে ৫১১টি। তাদের জন্য এর আগে ২৮৮টি মিৎসুবিশি এল-২০০ স্পোর্টারো ডাবল কেবিন পিকআপ গাড়ি কিনেছে সরকার। বাকি ২২৩ জনের জন্য গাড়ি কেনার প্রস্তাবে গত ৮ নভেম্বর নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি। তারই অংশ হিসেবে গতকাল ক্রয় সংক্রান্ত কমিটি ১০৩টি গাড়ি কেনায় সম্মতি দিয়েছে।

এর আগে গত বছরের এপ্রিলে এসি ল্যান্ডদের জন্য ১৯২টি মিৎসুবিসি এল-২০০ স্পোর্টারো ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দেওয়া হয়। তখন প্রতিটি গাড়ির দাম পড়ে ৫০ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। পরে আরও ৯৬টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মোবাইল কোর্ট বা উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় এসি ল্যান্ডদের ৫১১টি কার্যালয়ের সাংগঠনিক কাঠামোতে একটি করে ডাবল কেবিন পিকআপ সরবরাহের সিদ্ধান্ত হয়। ২০১৭ সালের ২৯ আগস্ট তখনকার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ৬০ এসি ল্যান্ডের হাতে প্রথমবারের মতো ডাবল কেবিন পিকআপ গাড়ির চাবি হস্তান্তর করেন।