বহিষ্কারের চিঠি হাতে পেলেন সুলতান মনসুর

গণফোরাম থেকে বহিষ্কারের চিঠি সুলতান মো. মনসুরের ঢাকার বেইলি রোডের বাসভবনে পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশ রূপান্তরকে বিষয়টি জানিয়েছেন দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, সুলতান মনসুরের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে কৌশলগত কারণে। এদিকে গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক গতকাল দেশ রূপান্তরকে বলেন, ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরামের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে জয়ী সুলতান মনসুর। এ কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

সুব্রত চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া সুলতান মনসুরের সদস্যপদ থাকার কথা না। এমনটাই মনে করে গণফোরাম। এ অবস্থায় সুলতানের সদস্যপদ বাতিলের যৌক্তিক কারণ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়ার কথা বলা হলেও কৌশলগত কারণে দেওয়া হয়নি। শিগগিরই চিঠি দেওয়া হবে।’