আট ঘণ্টারও বেশি সময় ধরে অচল থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে একই প্রতিষ্ঠানের অন্য দুইটি যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এখনো পুরোপুরি সচল হয়নি।
বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ফেসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দিতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। এমনকি অনেকে ডেস্কটপ থেকে লগইনও করতে পারেননি। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েন বলে বিবিসি জানায়।
ডেইলি মেইল জানায়, যুক্তরাষ্ট্রসহ ল্যাটিন আমেরিকার বৃহৎ অংশ এবং ইউরোপ জুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার কাজ করছিল না। অনেক জায়গায় হোয়াটসঅ্যাপও আক্রান্ত হয়।
আচমকা সামাজিক যোগাযোগমাধ্যমটির একাধিক প্ল্যাটফর্মে ঢুকতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ। বিশ্বের নানা প্রান্ত থেকে টুইটার বার্তার মধ্য দিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা।
ধারণা করা হয়, সাইবার অ্যাটাকের মাধ্যমে ফেসবুক কার্যক্রম অকেজো করার চেষ্টা চালায় কেউ। তবে টুইটারের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, সাইবার অ্যাটাকের শিকার হয়নি ফেসবুক
ফেসবুক জানায়, অনেক ব্যবহারকারী ফেসবুক ফ্যামিলির বিভিন্ন মাধ্যমে ঢুকতে পারছেন না। আমরা দ্রুত এ সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বর্তমানে প্রতি মাসে সামাজিক যোগাযোগের এই মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি ৩০ লাখ। এর আগে ২০০৮ সালে এমন বিভ্রাটে পড়েছিল ফেসবুক, তখন এর ব্যবহারকারী ছিল মাত্র ১৫ কোটি।