আন্তঃনগর ট্রেনের টিটিই (ট্রেন টিকিট ইন্সপেক্টর) মো. রাসেলকে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা রেলস্টেশনে সকল প্রকার ট্রেন না থামানোর ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। বুধবার রাতে স্টেশনে এই সংক্রান্ত নোটিশ টানানো হয়।
নোটিশে পীরগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী স্টেশনে যাত্রীদের উঠানামা করার জন্য বলা হয়েছে। সকাল থেকে পীরগঞ্জ রেল স্টেশনে থামেনি রেলগাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অন্তঃনগর ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে এসে পৌঁছলে কয়েকজন উশৃঙ্খল লোক ট্রেনের টিটিই রাসেলকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পীরগঞ্জ রেল স্টেশনে ট্রেন না থামানোর বিষয়ে রেলওয়ে পশ্চিম বিভাগের জিএম এর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক।
তিনি আরও বলেন, পীরগঞ্জের দু’জন যাত্রী টিকিট ছাড়া দিনাজপুরে ট্রেনে উঠে। এ নিয়ে ওই টিটিই’র সঙ্গে তাদের বাকবিতণ্ডা হলে যাত্রীর লোকজন টিটিই’র উপর হামলা চালায়। আহত রাসেল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধী। এই ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে।