আগে ব্যাট করে স্কোর বোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের দেওয়া ছোট্ট লক্ষ্যটা এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে আরো সহজ বানিয়ে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে দলটি পেয়েছে দ্বিতীয় জয়ের দেখা। আর প্রথম হারের স্বাদ পেয়েছে শেখ জামাল।
বৃহস্পতিবার রূপগঞ্জকে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ৪৬.১ ওভারে ১৬৩ রান করে রূপগঞ্জ। জবাবে ১৮.৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় প্রাইম।
১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৫ রান যোগ করে প্রাইম ব্যাংক। ৪৪ রান করা রুবেল মিয়াকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন নাবিল সামাদ। রুবেলের ৬১ বলের ইনিংসে ছিল ৪ চার।
তবে সুদিপ চ্যাটার্জিকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন এনামুল। ১১১ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ঠিক ১০০ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এনামুলের এটি দশম সেঞ্চুরি। সুদিপের ব্যাট থেকে এসেছে ১৫ রান।
এর আগে প্রাইম ব্যাংকের বোলারদের নৈপুণ্যে ব্যর্থ ছিল রূপগঞ্জের ব্যাটসম্যানরা। ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫২ রান। ৮১ বলের ইনিংসে হাঁকান ৮ চার ও ১ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন জাকির আলি।
প্রাইম ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মোহর শেখ, আল-আমিন হোসেন, আরিফুল হক, আব্দুর রাজ্জাক ও অলক কাপালি।
তিন ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট প্রাইম ব্যাংকের। সমান খেলায় সমান জয়-পরাজয়ে ৪ পয়েন্ট রূপগঞ্জেরও।