মাথা ফাটিয়ে টাকা ছিনতাই

মোংলায় মাথায় ইট দিয়ে আঘাত করে ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে এক দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

স্কয়ার ও মেডিপ্লাস কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটর মেসার্স তরিকা এন্টারপ্রাইজের মালিক মো. আবদুল হাই জানান, মাদ্রাসা রোডের মাদানী মসজিদ সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার অজিত কুমার বণিক গতকাল দুপুর আড়াইটার দিকে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য অফিস থেকে বের হচ্ছিলেন। এ সময় মুখোশপরা এক দুর্র্র্র্বৃত্ত অফিসে ঢুকেই ম্যানেজারের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে তিনি চেয়ার থেকে পড়ে যান। এই সুযোগে টেবিলে থাকা ৫০ হাজার টাকা নিয়ে মুখোশধারী মাদানী মসজিদের পাশের গলি দিয়ে নদীর দিকে পালিয়ে যায়। ম্যানেজার অজিতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মোংলা থানার এসআই মো. আকরাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দিনে-দুপুরে অফিসে ঢুকে হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।