অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাংক খাত চালাচ্ছি, এভাবে চালালে চলবে না। এভাবে চললে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। কারণ স্বল্পমেয়াদি আমানত গ্রহণ করে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া যেতে পারে না। এর মাধ্যমে যারা উন্নয়নের চিন্তা কওে, তারা বোকার রাজ্যে রয়েছে। এ জন্য বন্ড মার্কেটে জোর দিতে হবে।’
রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে করের পরিধি আরও বাড়াতে হবে। আমাদের দেশে যারা কর দেন তারাই বারবার দিয়ে আসছেন। নতুন করে করের আওতায় আসার উপযোগী অনেকে এ তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন না। আগামীতে কর না বাড়িয়ে আওতা বাড়াব।’
অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ূন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম। তিনি ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরে বলেন, ২০১৮ সাল শেষে অগ্রণী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৯২ কোটি টাকা। এ সময় ঋণ ও অগ্রিমের পরিমাণ ৩৯ হাজার ৫৭৫ কোটি টাকা। শ্রেণিকৃত ঋণ (খেলাপি ঋণ) দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫১ কোটি টাকা, যা মোট ঋণের ১৬ দশমিক ২১ শতাংশ। আলোচিত সময়ে এর শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২টিতে।