অগ্রণী ব্যাংকের গুণী গ্রাহক সম্মাননা পেয়েছেন দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। গতকাল রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির বার্ষিক সম্মেলন-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বেলায়েত হোসেন। এ সময় বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) রাজীব সামাদ উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৬ জনকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুুল মাতলুব আহমাদ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ এম খোরশেদুল আলম ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্্-উল ইসলাম উপস্থিত ছিলেন।
আহমেদ আকবর সোবহানের মালিকানাধীন বসুন্ধরা গ্রুপ আবাসনসহ সিমেন্ট, কাগজ, ইস্পাতজাত পণ্য উৎপাদন, এলপি গ্যাস ও বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।