অশোভন ভাষা ব্যবহার

কোকা-কোলার বিরুদ্ধে হাইকোর্টের রুল

কোমল পানীয় কোকা-কোলার বোতলের লেভেলে অশোভন ভাষা ব্যবহার কেন অবৈধ হবে না এবং কোকা-কোলার কর্র্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ সম্পর্কিত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকালবৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান রানা। কোকা-কোলার পক্ষে ছিলেন আইনজীবী তানজীব উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। 

কোকা-কোলার বাংলাদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড, আইন সচিব, শিক্ষা সচিব, তথ্য সচিব, শিল্প সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলা একাডেমির

মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। কোকা-কোলার বোতলের লেভেলে ‘অস্থির’, ‘ফাঁপর’, ‘মাথা নষ্ট’, ‘জটিল’, ‘জান’, ‘আগুন’, ‘পিছলা’, ‘প্যারা’, ‘জিনিস’, ‘সেই’, ‘ব্যাপক’, ‘জিরো’, ‘ঢিলা’, ‘যা-তা’ এ ধরনের শব্দ ব্যবহারে ভাষার বিকৃতি হচ্ছে উল্লেখ করে এসব বিজ্ঞাপন বন্ধ চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করা হয়। পাশাপাশি অশোভন ভাষার এমন ব্যবহার করে বাংলা ভাষার বিকৃতি বন্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়।