ঝিনাইদহে বাড়িতে গিয়ে কোটার রাশেদকে হত্যার হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় তার ঝিনাইদহের বাড়িতে গিয়ে এ হুমকি দেওয়া হয় বলে রাশেদের বাবা নবাই বিশ্বাস অভিযোগ করেছেন।

রাশেদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি এ পরিষদের ব্যানারে ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জিএস পদে লড়ে ছাত্রলীগের কেন্দ্রীয়

সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর কাছে হারেন।

রাশেদের বাবা নবাই বিশ্বাস গতকাল বৃহস্পতিবার জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে ঝিনাইদহ সদর উপজেলায় চরমুরাড়ীদহ গ্রামে তার বাড়িতে আসেন। এ সময় তারা হুমকি দিয়ে বলেন, ‘রাশেদ আন্দোলন করছে এবং সরকারবিরোধী কথাবার্তা বলছে। তাকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর এসব করলে তাকে গুলি করে মেরে ফেলা হবে।’

এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, ছেলেকে হুমকির কথা শুনে রাশেদের মা সালেহা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে ঝিনাইদহ শহরের ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গতকাল সকালে তিনি বাড়ি ফেরেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ‘মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। কারা রাশেদ খানের বাড়িতে গিয়েছিল তা উদঘাটনে জোর চেষ্টা অব্যাহত আছে।’ এ ঘটনায় লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।