নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এক মসজিতে জুমার নামাজ পড়তে গিয়ে বন্দুকধারীদের হামলার শিকার হয়েছে বাংলাদেশ দল। তবে দলের সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।
তাৎক্ষণিক এক টুইট বার্তায় দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, “পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো!!! খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক ১০ মিনিট পর হ্যাগলি ওভালের কাছে একাধিক বন্দুকধারী আল-নুর মসজিদে সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়।
নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়, কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি মৃতদেহ মসজিদের ভেতর পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ওই এলাকা পরিহার করে চলতে আহ্বান জানিয়েছে পুলিশ।
নিউ জিল্যান্ড সিরিজ কাভার করতে যাওয়া ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম এক টুইট বার্তায় বলেছেন, “হেগলি পার্কের কাছে মসজিদ থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়রা পালিয়ে রক্ষা পেয়েছেন।”
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামলার পর জানালার কাচ ভেঙে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের হাতে অটোমেটিক রাইফেল ছিল।
প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠে কিউইদের সঙ্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। প্রথম দুই টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে তারা।