সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০১৯-২০) নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত (সাদা প্যানেল) প্রার্থীরা। আর সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত (নীল প্যানেল) প্রার্থীরা।
সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা এ এম আমিন উদ্দিন। এ ছাড়া এ প্যানেল থেকে একজন সহসভাপতি, একজন সহসম্পাদক ও তিনজন সদস্য হন। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন টানা সপ্তমবারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে একজন সহসভাপতি, কোষাধ্যক্ষ, একজন সহসম্পাদক ও চারজন সদস্য পদে জয়ী হন।
আমিন উদ্দিন ৩ হাজার ২২৫ ভোট (প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৮২ ভোট বেশি) পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জামিল মোহাম্মদ আলী পান ২ হাজার ৪৪৩ ভোট। সম্পাদক পদে খোকন ৩ হাজার ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুন নূর দুলাল পেয়েছেন ২ হাজার ৬৪৯ ভোট।
১৪টি পদে গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৭ হাজার ৮২৫ জন ভোটারের মধ্যে ৫ হাজার ৮২১ জন আইনজীবী ভোট দেন। গতকাল শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
সহসভাপতি (দুটি) পদে বিএনপি সমর্থিত আব্দুল বাতেন (২ হাজার ৮৫৬ ভোট) ও আওয়ামী লীগ সমর্থিত জসিম উদ্দিন (২ হাজার ৮৪৯ ভোট) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিএনপি সমর্থিত মো. ইমাম উদ্দিন (২ হাজার ৯৪৭) নির্বাচিত হয়েছেন। সহসম্পাদক পদে (দুটি) সাদা প্যানেলের কাজী শামছুল হাসান শুভ (২ হাজার ৭২৯ ভোট) এবং নীল প্যানেলের শরিফ ইউ আহমেদ (২ হাজার ৭২২ ভোট) বিজয়ী হন। সদস্য পদে সাদা প্যানেল থেকে আফিফা আফরোজ, শামীম সরদার ও চঞ্চল কুমার চৌধুরী নির্বাচিত হয়েছেন। আর নীল প্যানেল থেকে কাজী আক্তার হোসেন, রাশিদা আলিম ঐশী, ওসমান চৌধুরী ও সৈয়দা শাহীন আরা লাইলি জয়ী হন। গত বছর ১৪টি পদে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদেই বিজয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।