খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

পানছড়ি উপজেলার অক্ষয়পাড়ায় গতকাল শুক্রবার দুর্বৃত্তের গুলিতে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুখময় চাকমা ওরফে তারাবন চাকমা (৪০) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি নুরে আলম।

নিহতের বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার কেরেতছড়ি হলেও দীর্ঘদিন ধরে পানছড়ির কুড়াদিয়া ছড়ায় বসবাস করতেন। ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা অভিযোগ করেন, সংস্কারপন্থি জনসংহতি সমিতির চিহ্নিত দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি নিহত ব্যক্তিকে নিজেদের সংগঠনের সদস্য বলে দাবি করেন। তবে জনসংহতি সমিতি (এমএন লারমা) অংশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। লাশ উদ্ধারের বিষয়ে ওসি নুরে আলম বলেন, ‘ঘটনাস্থল অনেক দুর্গম। লাশ উদ্ধারে সময় লাগতে পারে।’