নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও ডিন্স এভিনিউ মসজিদে বন্দুক হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহতের পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ সংক্রান্ত যেকোনো তথ্য ও নিউজিল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় হটলাইন চালু করা হয়েছে।
গতকাল শুক্রবার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্যানবেরা হাইকমিশনের সব কূটনীতিক সার্বক্ষণিক সেবাদান করবেন। এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া হাইকমিশনের দুজন কর্মকর্তার আজ শনিবার সকালে ক্রাইস্টচার্চে
পৌঁছানোর কথা রয়েছে। তাদের মোবাইল নম্বরেও যোগাযোগ করতে বলা হয়েছে। তারা হলেন ডেপুটি হাইকমিশনার তারেক আহমেদ (+৬১৪৫০৬৫৭০৪৬) ও কনসাল শফিকুর রহমান (+৬৪২১০২৪৬৫৮১৯)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরামর্শে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপদে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তায় নিউজিল্যান্ডের পুলিশ বাড়তি তৎপরতা গ্রহণ করেছে। অকল্যান্ডে অবস্থিত বাংলাদেশ কনস্যুলার অফিসের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তায় দ্রুত কাজ শুরু করা হয়েছে। দেশটিতে অবস্থানরত ক্রিকেটার, প্রবাসী বাংলাদেশিদের শান্ত থাকার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া হামলাস্থল এড়িয়ে চলতে বলা হয়েছে।
বলা হয়েছে, বন্দুক হামলায় তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে অনেক বাংলাদেশি থাকতে পারেন। হাসপাতাল কর্র্তৃপক্ষের মাধ্যমে দূতাবাস হতাহতের খবর জানার চেষ্টা করছে।