জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি কাজে গতিশীলতা আনতে ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সারা দেশের ৩ লাখ ৩৪ হাজার শূন্য পদে কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমান সরকার এ বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেখছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকেরকার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়টি নিয়ে সরকারি নানা পর্যায়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে এখনো আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।
নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরাতে সরকারের উচ্চপর্যায় থেকে যোগাযোগ রাখা হচ্ছে। পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ম্যুরাল উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।