প্রধানমন্ত্রীকে কটূক্তি মামলায় বাফুফের কর্মকর্তা কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার রাজধানীর সিএমএম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাফুফের নারী কর্মকর্তা কিরণ সংস্থাটির মহিলা উইংয়ের প্রধানের দায়িত্বে আছেন। এ ছাড়া তিনি ফিফার নির্বাচিত সদস্য।

ক’দিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কিরণের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রচার হয়। যেখানে প্রধানমন্ত্রীকে করা অসত্য ও বানোয়াট বক্তব্যের মুঠোফোন কল রেকর্ড প্রকাশিত হয়।

এরপর প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন- এমন অভিযোগে কিরণের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা করেন ক্রীড়া সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্স। গেল মঙ্গলবার কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।