মেধাবী অভিনেত্রী রুনা খান। নানামাত্রিক চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করার সুবাদে ভক্তের কাছে বিশেষ প্রিয় তিনি। বর্তমান ব্যস্ততা টিভি নাটক ঘিরে। এই তারকাকে নিয়ে লিখেছেন আল মাসিদ।
ছবি : শেখ সাদী
গতকাল থেকে পুবাইলে ঈদের নাটকের শ্যুটিং শুরু করে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সাত পর্বের বিশেষ ধারাবাহিক দিয়ে এবারের ঈদের কাজের যাত্রা শুরু হলো তার। আদিবাসি মিজানের পরিচালনায় নাটকটির নাম অজুহাত। তার সহশিল্পী হিসেবে আরও আছেন সাজু খাদেম, শামীমা নাজনিন, মুনিরা মিঠু প্রমুখ। এই নাটকটি নিয়ে রুনা জানান, এটি একটি মফস্বল এলাকার গল্প। নাটকের সবগুলো চরিত্র সাদা মনের নয়, কেউ কেউ নেতিবাচকও বটে। আবার কেউ কেউ পরিস্থিতিতে পড়েও নেতিবাচক করে ফেলে। তবে তারা যাই করুক না কেন তার পেছনে অজুহাত প্রস্তুত থাকে। এজন্য নাটকের নাম ‘অজুহাত’।
এদিকে নাগরিক টিভিতে দু-একদিনের মধ্যেই প্রচার শুরু হবে রুনা খান অভিনীত অনিমেষ আইচের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘জোছনাময়ী’। সমাজের বিভিন্ন পর্যায়ে মেয়েদের সংগ্রামের গল্প নিয়ে নাটকটি তৈরি। রুনা ছাড়া আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, চঞ্চল চৌধুরী, ফারুক আহমেদ প্রমুখ। এই নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি রেহানা নামের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারী চরিত্রে অভিনয় করেছি। এতে আমার স্বামী মানসিক সমস্যায় ভোগেন। আমি ছোট একটি চাকরি করে স্বামী, সন্তান ও সংসারের দেখভাল করি। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তাছাড়া অনিমেষ আইচ আমার ভীষণ প্রিয় পরিচালক। ভালো ভালো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। এই ধারাবাহিকটি নিয়ে আমি আশাবাদী।’
একই পরিচালকের ‘দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি’ ধারাবাহিকের ১৩টি পর্বেও অভিনয় করেছেন রুনা। এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। সম্প্রতি নাটকটি ১০০ তম পর্ব প্রচার হয়েছে।
এর বাইরে রুনা অভিনীত ‘বৃহস্পতি তুঙ্গে’ ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে চ্যানেল আইতে। এত রুনার সহশিল্পী জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনাও করেছেন মোশাররফ। রায়হান খান পরিচালিত নাটকটির শ্যুটিং হয়েছে মালেশিয়ায়। নাটকটিতে রুনা নারী পাচারকারী চক্রের মধ্যে পড়ে যান। তাকে উদ্ধার করেন মোশাররফ করিম।
আরটিভিতে প্রচার হচ্ছে রুনা অভিনীত অঞ্জন আইচের ধারাবাহিক ‘অর্ধেক সত্য’। এনটিভিতে দেখানো হচ্ছে মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি। এছাড়া নতুন ধারাবাহিক নাটক ‘জলপুত্র’ প্রচার হবে শিগগিরই।
নাটকের বাইরে নারী দিবসের বিশেষ ওয়েব বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। গোলাম সোহরব দোদুলের মুক্তি প্রতীক্ষিত ‘সাপলুডু’ ছবিতেও দেখা যাবে এই অভিনেত্রীকে। কোন মাধ্যমে কাজ করতে ভালো লাগে জানতে চাইলে রুনা বলেন, ‘মাধ্যম আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। যে গল্পে অভিনয়ের সুযোগ রয়েছে আমি সেখানেই কাজ করতে চাই। ভালো অভিনয় করাটাই আমার কাছে সবচেয়ে মুখ্য, কারণ এই কাজটিকে সবচেয়ে বেশি ভালোবাসি।’