নানা আয়োজনে গতকাল শনিবার দলের প্রয়াত মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল হয়। বিকেলে মানিকগঞ্জে দেলোয়ারের পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল হয়।
এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের দুর্দিনে কীভাবে দল পরিচালনা করে সামনে এগিয়ে যেতে হয় তা খোন্দকার দেলোয়ার হোসেন আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুধু রাজনৈতিক কারণে জেলে আটকে রেখেছে সরকার। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের
নির্দেশে দল পুনর্গঠনের কাজ চলছে। খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি।
২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোন্দকার দেলোয়ার হোসেন। তার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, দলের চরম দুঃসময়ে আমরা প্রয়াত নেতাকে স্মরণ করছি। সাহসিকতা, দূরদর্শিতা এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে বিএনপিকে কীভাবে সংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে হয় সেই শিক্ষা খোন্দকার দেলোয়ার হোসেনের কাছে পাওয়া যায়। বিএনপি মহাসচিব বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ‘সন্ত্রাসী’ হামলা শুধু গণতন্ত্রের ওপর নয়, মানব সম্প্রদায়ের ওপর আঘাত।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে এ দোয়া মাহফিলের আগে তার কবর জিয়ারত করেন ফখরুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত মহাসচিবের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু ও খোন্দকার আকতার হামিদ ডাবলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় ছিলেন না।
এর আগে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খন্দকার দেলোয়ারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে মিলাদ মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।