এইচআরডব্লিউর বিবৃতি

রোহিঙ্গাদের জন্য ভাসানচর হবে কারাগারতুল্য

মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়ার যে উদ্যোগ  তাতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইআরডব্লিউ)। গত শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের জন্য ভাসানচর হবে কারাগারতুল্য।  বিবৃতিতে বলা হয়েছে গত জানুয়ারি মাসে ভাসানচরের অবকাঠামো নির্মাণ দেখাতে বাংলাদেশ সরকার বিদেশি কূটনীতিকদের সেখানে নিয়ে যায়। সেখান থেকে ফিরে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত ইয়াংহি লি বলেছেন, ভাসানচরের রোহিঙ্গারা বসবাস করতে পারবে কি না এ বিষয়টি তার কাছে পরিষ্কার নয়।   যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক এ মানবাধিকার সংস্থা আরও বলছে, নোয়াখালীর হাতিয়ার লোকজন বলেছে, দ্বীপটি মানুষের বসবাসের উপযোগী নয়। স্থানীয় একজন ব্যক্তি এইচআরডব্লিউকে বলেছেন, আমরাও সেখানে যাওয়ার সাহস পাই না। তাহলে হাজার হাজার রোহিঙ্গা সেখানে কীভাবে থাকবে?

উল্লেখ্য, আগামী এপ্রিলের মধ্যে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গা ভাসানচরে সরিয়ে নিতে কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে সেখানে আবাসন, স্যানিটেশনসহ সমস্ত সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়েছে বলে সরকার দাবি করছে।